জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের এমপিসহ ৬ নেতাকে লোহাগড়ায় গণ সংবর্ধনা
নড়াইল -প্রতিনিধি নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল -১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, “দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে ও নির্দেশনায় যেসব নেতার বহিঃস্কারাদেশ প্রত্যাহার হয়েছে, তারা যে যে পদে ছিলো তারা স্বপদেই বহাল থেকে দলের নেতৃত্ব দেবেন। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে কাজ করবার নির্দেশনা প্রদান করেন। বিগত ভুল থেকে শিক্ষা নেবারও আহবান জানান তিনি।
সোমবার(১০ আগস্ট) বেলা ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মোল্যার মাঠে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু এ গণসংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন।
দলীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৭ জানুয়ারি নড়াইল ও লোহাগড়ার ৬ নেতাকে বহিঃষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। গত বুধবার (৬ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত পৃথক পৃথক ছয়টি চিঠির (প্রেস বিজ্ঞপ্তি)মাধ্যমে ওই বহিঃস্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বহিঃষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতৃবৃন্দ হলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু,
লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরীফ, সাধারণত সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাহেদুর রহমান পলাশ, সদর পৌর বিএনপির সভাপতি মোঃ তেলায়েত হোসেন।
দলের সদস্যপদ ফিরে পাওয়া নেতৃবৃন্দ এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে বিএনপিকে আরো শক্তিশালী ও গতিশীল করতে কার্যকরী ভূমিকা রাখবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন দলের নির্বাচিত নেতারা বহিঃস্কার থাকায় দলীয় কার্যক্রম ঝিমিয়ে পড়ে। চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ে। অবশেষে বহিঃস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হয়।
দলে ফেরা নেতৃবৃন্দ সোমবার সকালে প্রথম সড়ক পথে নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল -১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম কে সাথে নিয়ে
ঢাকা থেকে সড়ক পথে নড়াইলে আসেন। তাদেরকে প্রথমে কালনা সেতুর টোল প্লাজায় হাজার হাজার নেতাকর্মী ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এরপর ৫শতাধীক মোটরসাইকেল বহর নিয়ে নেতৃবৃন্দ শহর প্রদক্ষিণ শেষে লক্ষীপাশা মোল্যার মাঠে গণসংবর্ধনায় যোগদেন। সেখানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার শাহ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম এর নেতৃত্বে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা প্রিয় নেতৃবৃন্দদের পুনরায় ফুলেল শুভেচ্ছা জানান। এরই মধ্য দিয়ে দীর্ঘদিন পর যেন প্রাণ ফিরে পেলেন স্থানীয় বিএনপি নেতা কর্মী সমর্থকরা। ##






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































